ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরাকে পৌঁছেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।
বুধবার (৮ জুলাই) পবিত্র নগরী নাজাফ ও কারবালায় খামেনির জানাজার মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখ লাখ ইরাকি শিয়া মুসলমানের অংশগ্রহণের আশা করা হচ্ছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার ইরাকে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সফর শুধু জানাজায় অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সফরকালে তিনি ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকও করেন।
বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে পেজেশকিয়ান খামেনির জানাজা ও মরদেহ গ্রহণ অনুষ্ঠানের সুন্দর আয়োজনের জন্য ইরাকি সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে তিনি বলেন, ইরাকের এই আতিথেয়তা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের প্রতিফলন এবং ইসলামী সংহতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। একই সঙ্গে দুই দেশের কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, সম্ভাব্য এই সফরের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছাবে।
সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ইরানের রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং স্থায়ী শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করে তিনি বলেন, অতীতে দেখা গেছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তবে ইরান কোনো চুক্তি লঙ্ঘন করবে না এবং প্রতিষ্ঠিত সমঝোতা থেকেও সরে আসবে না।
অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, ‘ইরাকি সরকার ও জনগণের খামেনির জানাজায় অংশগ্রহণ করা একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য।’ তিনি প্রয়াত ইরানি নেতাকে ‘ইসলামী বিশ্বের একজন রূপান্তরকারী ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
/এসএন