• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম


কারবালার পথে খামেনির মরদেহ, ইরাকে আজ সরকারি ছুটি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:৫৯ এএম

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তার কফিন পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তার প্রতি সম্মান জানিয়ে সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহগুলো কারবালায় নেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচিতে লাখো ইরাকি অংশ নেবেন। ইরাকেও আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। দেশটির বিপুলসংখ্যক শিয়া মুসলমানের কাছে তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। জানাজা উপলক্ষে বুধবার ইরাকজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পাশাপাশি তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজাও অনুষ্ঠিত হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার মরদেহ নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

/এসএন