• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম


তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ৮:০২ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে সোমবার (৬ জুলাই) রাজধানী তেহরানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আইএসএনএ।

রোববার দেশজুড়ে বিমান চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার তেহরানে অনুষ্ঠিতব্য মূল জানাজা ও শেষযাত্রার সময় পুরো রাজধানীর আকাশসীমা বন্ধ থাকবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রকাশিত সূচি অনুযায়ী, জনসাধারণের অংশগ্রহণে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রাখা হবে।

তবে মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। অন্যদিকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধই থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমও সম্পূর্ণভাবে স্থগিত রাখা হবে।

এ ছাড়া ৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের আনুষ্ঠানিকতার সময় মাশহাদে এই বিধিনিষেধ কার্যকর হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হয় এবং পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। গত শুক্রবার থেকে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং সরকারি প্রতিনিধিরা প্রয়াত এই ইরানি সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি সূচি অনুযায়ী, জনসাধারণের বিদায় অনুষ্ঠানের পর সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) কুম শহরে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরদিন বুধবার (৮ জুলাই) ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন। পরে মরদেহ শিয়া ধর্মাবলম্বীদের প্রধান পবিত্র স্থানগুলোতে নেওয়া হবে।

সবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইমাম রেজা মাজারে চূড়ান্ত জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি ইরানের অন্যতম প্রধান শিয়া পবিত্র স্থান।

/এসএন