দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে আগামীকাল (রোববার)। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নতুন আইসিইউ সুবিধা চালু হওয়া হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জেলা পর্যায়ে আইসিইউ সেবা চালু হওয়ার ফলে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে। স্থানীয় পর্যায়েই জরুরি ও ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ ও চিকিৎসা সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
/এএসএফ