অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতকদের শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানোর বিষয়ে মায়েদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এ গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর পেছনে পুষ্টির ঘাটতি একটি গুরুত্বপূর্ণ কারণ। অতীতে হামে মৃত্যুর ঘটনা তুলনামূলক কম থাকলেও বর্তমানে এ ধরনের ঘটনা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “অনেক শিশু শালদুধ পায় না। মায়েরা অনেক সময় শিশুদের ঠিকমতো দুধ খাওয়ান না। পাশাপাশি সুষম খাবারেরও ঘাটতি থাকে। এসব বিষয় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক। একজন চিকিৎসকের আন্তরিক আচরণ ও আশ্বস্ত করার মতো কথাবার্তা অনেক ক্ষেত্রেই রোগীকে মানসিকভাবে সুস্থ হতে সহায়তা করে। তিনি আরও বলেন, আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন।
দেশে যক্ষ্মা (টিবি) রোগ উদ্বেগজনক হারে বাড়ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করে তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এ ছাড়া উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহের পাশাপাশি সেখানে ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
/এএসএফ