• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম


বিপুল নিরাপত্তার মধ্যেও ইত্যাদির অনুষ্ঠানে শতাধিক দর্শকের মোবাইল চু’রি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ নভেম্বর ২০২৬ ১০:৪৫ এএম

জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে ভিড়ের মধ্যে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন শতাধিক দর্শক। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘির পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। এতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন আড়াই শতাধিক পুলিশ সদস্য। তাঁদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবকও নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। তবে বিপুলসংখ্যক দর্শকের ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে চোর ও পকেটমার চক্র।

অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেক দর্শক নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে ফোন হারানো একাধিক ব্যক্তি কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান।

স্থানীয় সূত্রের দাবি, ওই অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরি হয়ে থাকতে পারে। তবে চুরি হওয়া ফোনের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীরা রোববার (৮ নভেম্বর) সকালে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর একাধিক ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন। তাঁর ধারণা, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে।

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

/এসএন