যশোরে অভিনেতা সমু চৌধুরীকে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে তিনি বারান্দীপাড়া বউবাজার এলাকায় বসবাস করেন।এ ঘটনায় সমু চৌধুরী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি হলেন হৃদয় হোসেন, যিনি অভিনেতার বাড়ির পাশের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক।মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। গ্যারেজের সামনে উচ্চস্বরে কথাবার্তা ও চিৎকার-চেঁচামেচির প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়, এতে তিনি আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে ফিরে যান।সমু চৌধুরীর অভিযোগ, বাড়ির সামনের এলাকা পরিষ্কার করার উদ্যোগ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। এর জেরেই তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।তবে গ্যারেজমালিক হৃদয় হোসেন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।পুলিশ জানিয়েছে, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
/বিএসএস