শিহাব শাহীনের ফ্রেমে প্রীতম-জেফারের নতুন সম্পর্কের রসায়ন
একটি ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া ফুড ডেলিভারি কি দুটি মানুষের জীবন বদলে দিতে পারে? এমন এক অদ্ভুত অথচ মিষ্টি শুরু নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে শিহাব শাহীনের নতুন সিনেমা ‘তুমি আমি শুধু’। বাংলা নববর্ষের আবহে মুক্তি পাওয়া এই সিনেমাটি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তুমি আমি শুধু ওয়েব ফিল্ম-এর মূল আকর্ষণ এর প্রধান দুই চরিত্র—তানভীর (প্রীতম হাসান) এবং সুবাহ (জেফার রহমান)। তানভীর আবেগপ্রবণ আর সুবাহ যুক্তিনির্ভর। এই দুই বিপরীতধর্মী মানুষের মধ্যে গড়ে ওঠা অদৃশ্য টানই সিনেমার প্রাণ। কাকতালীয় ঘটনার ঘনঘটায় প্রেম কীভাবে সম্পর্কের নতুন সংজ্ঞা খুঁজে নেয়, তাই ফুটে উঠেছে পর্দায়।
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অভিনয়েও যে তারা সিদ্ধহস্ত, তা আবারও প্রমাণ করলেন প্রীতম ও জেফার। প্রীতম হাসান আগে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ক্যাকটাস’-এ নিজের সামর্থ্য দেখিয়েছেন। তবে এই সিনেমায় শহুরে তরুণের চরিত্রে তার অভিনয় দর্শকদের সাথে সহজে ‘রিলেট’ করতে পারছে। অন্যদিকে, জেফার রহমান আগের চেয়ে অনেক বেশি সাবলীল এবং পরিণত অভিব্যক্তি উপহার দিয়েছেন। বিশেষ করে রোমান্টিক দৃশ্যগুলোতে তাদের স্ক্রিন প্রেজেন্স ছিল চোখে পড়ার মতো।
রোমান্টিক ড্রামা নির্মাণে শিহাব শাহীন সবসময়ই পারদর্শী। বছরখানেক কারিগরি জটিলতায় আটকে থাকলেও বৈশাখের মুক্তি সিনেমাটির জন্য শাপে বর হয়েছে। নির্মাতার মতে, এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে বাঁচার গল্প। আব্দুল্লাহ আল সেন্টু ও মানস বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ শিল্পীদের অভিনয় সিনেমার আবহকে আরও সমৃদ্ধ করেছে।
মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক সাড়ো পাওয়া যাচ্ছে। প্রীতম হাসান জানান, অনেকে একাধিকবার দেখছেন সিনেমাটি। জেফারও অভিভূত দর্শকদের এই প্রতিক্রিয়ায়। বৈশাখী আমেজে এমন একটি হালকা মেজাজের অথচ গভীর জীবনবোধের সিনেমা দর্শকদের মন জয় করতে সফল হয়েছে।