• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম


সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে নিতে সিআইডির প্রস্তুতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ আগস্ট ২০২৬ ৮:০৩ পিএম

সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সিআইডিরঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।তদন্ত-সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রহস্যে ঘেরা সালমান শাহর মৃত্যুর ঘটনা নতুন করে তদন্ত করছে সংস্থাটি। ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে মামলার অন্য আসামিদের ভূমিকা, হত্যার সম্ভাব্য কারণ এবং ঘটনার সময়কার বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। মামলার অন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটও কাজ করছে।মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার ডনের রিমান্ড আবেদনের শুনানি হবে। তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া গেলে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার বেনজির আহমেদ বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্যই সাত দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি।সালমান শাহর মা নীলা চৌধুরী মনে করেন, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। তিনি অভিযোগ করেন, মামলার অন্য আসামিরাও দেশে অবস্থান করছেন; তবে তাদের এখনো গ্রেফতার করা হয়নি।নীলা চৌধুরী আরও বলেন, তদন্তের পর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে হত্যা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন।সালমান শাহকে হত্যার পেছনে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে তার বিরোধ ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করেন নীলা চৌধুরী। তার দাবি, সোহান, সুকুমার রঞ্জন ও আনন্দ ফিল্মসের সঙ্গেও সালমানের বিরোধ ছিল।তার ভাষ্য অনুযায়ী, সালমান শাহ এসব পক্ষের চলচ্চিত্রে কাজ না করে তুলনামূলক ছোট প্রযোজকদের সঙ্গে কাজ করতেন। এতে চলচ্চিত্র অঙ্গনের একটি পক্ষ ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তিনি দাবি করেন।নীলা চৌধুরী ঘটনাটিকে ‘ফিল্মি পলিটিক্স’ হিসেবে উল্লেখ করে আরও অভিযোগ করেন, এর সঙ্গে সালমান শাহর স্ত্রী ও তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরাও জড়িত ছিলেন।

/বিএসএস