• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০২ এএম


‘আর ফিরবেন না’ শর্তে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৯:০৪ পিএম

‘আর ফিরবেন না শর্তে’ ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্যচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে গেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।তবে ক্যাম্পাস ছাড়ার আগে উপাচার্যের সামনে শর্ত জুড়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের নিচে তাকে নিয়ে আসার পর মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা দেন, ‘ভিসিকে আমরা ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছি একটি মাত্র শর্তে, সেটি হলো—তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।’এ সময় ওই শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে উপাচার্যকে অ্যাম্বুলেন্সে তোলা হলে তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সকাল পৌনে ৯টার দিকে তার ক্যাম্পাসে প্রবেশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর প্রতিবাদে তারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাকে অবরুদ্ধ করে রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপাচার্য।উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ওই দিন থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উপাচার্যের ভবনে তালা দেওয়ার পর মুখোশ মিছিল, চোখ বাঁধা প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক বন্ধের কর্মসূচিও শুরু হয়।এদিকে, নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে সোমবার সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করে চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।এ পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্যকে উদ্ধারে ক্যাম্পাসে প্রবেশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।এ সময় জেলা প্রশাসক বলেন, একজন সম্মানিত শিক্ষক তাদের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার জন্য অনুরোধ করেছেন। তাকে নিয়ে যাওয়ার জন্যই তারা ক্যাম্পাসে এসেছেন। উপাচার্যকে হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানান তিনি।এরপর সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনিক ভবন থেকে উপাচার্যকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পুলিশি নিরাপত্তায় তিনি চুয়েট ক্যাম্পাস ত্যাগ করেন।

/বিএসএস