• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম


এসএসসি-সমমানে ইংরেজি ও গণিতে বিপর্যয়, আইসিটিতে সাফল্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:১০ পিএম

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সব শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছেন। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দেশের সব বোর্ডে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৭৪ দশমিক ৭ শতাংশ ও গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ, কুমিল্লায় ইংরেজিতে ৮১ দশমিক ২৯ শতাংশ ও গণিতে ৮১ দশমিক ৭৫ শতাংশ, যশোরে ইংরেজিতে ৭১ দশমিক ৮৪ শতাংশ ও গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশ, চট্টগ্রামে ইংরেজিতে ৭২ দশমিক ২৭ শতাংশ ও গণিতে ৮০ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়া বরিশাল বোর্ডে ইংরেজিতে ৬৯ দশমিক ২৪ শতাংশ ও গণিতে ৭৭ দশমিক ৯৮ শতাংশ, সিলেটে ইংরেজিতে ৬৯ দশমিক ১১ শতাংশ ও গণিতে ৭৫ দশমিক ৯৬ শতাংশ, দিনাজপুরে ইংরেজিতে ৭২ দশমিক ৯১ শতাংশ ও গণিতে ৭১ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬ দশমিক ৬৪ শতাংশ ও গণিতে ৬৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

অন্যান্য বোর্ডের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৯ দশমিক ২১ শতাংশ ও গণিতে ৬৯ দশমিক ৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৯৪ দশমিক ৭৯ শতাংশ ও গণিতে ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

সারাদেশে এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এ ছাড়া কেবল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এসব সাধারণ বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

/এএসএফ