• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম


সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানবেন রেজাল্ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ২:২৫ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম

সাধারণ শিক্ষা বোর্ডের জন্য:
SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৫ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য:
SSC MAD রোল নম্বর ২০২৫ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের জন্য:
SSC TEC রোল নম্বর ২০২৫ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের (দাখিল) অধীনে অংশ নেন ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

/এসএন