• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৯ এএম


সুবর্ণচরে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩২ পিএম

সুবর্ণচর উপজেলা-এ পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলা-এর গাংছিল গ্রামের কৃষক মহিউদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোন তাদের নানা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে অবস্থান করছিল। মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় ছোট বোন পানিতে ডুবে যেতে থাকলে বড় বোন তাকে বাঁচাতে গেলে একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে প্রথমে এক বোনের মরদেহ উদ্ধার করে। এরপর জাল ফেলে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে চরজব্বর থানা-র পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।