• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম


আড়াই বছরে ৩০ পারা মুখস্থ, ১২ বছরেই হাফেজ শিশু ইতমাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ১০:২২ পিএম

মাত্র ১২ বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে লক্ষ্মীপুরের শিশু আব্দুল্লাহ মিনহাজ ইতমাম। কোরআন হিফজ সম্পন্ন করতে তার সময় লেগেছে আড়াই বছর। অল্প বয়সে এমন অসাধারণ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা ইতমামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।আব্দুল্লাহ মিনহাজ ইতমাম লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহপুর এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা মাওলানা নাসির উদ্দিন মাহমুদ ও নাজমা আক্তার দম্পতির ছোট সন্তান। সে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার হিফজ শাখা আইডিয়াল তাহফিজুল কোরআনের শিক্ষার্থী। পাশাপাশি সে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।ছেলের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তার বাবা মাওলানা নাসির উদ্দিন মাহমুদ বলেন, ছেলে আব্দুল্লাহ মিনহাজ ইতমাম পবিত্র কোরআনের হাফেজ হয়েছে, এতে তিনি অত্যন্ত খুশি। ছেলেকে হাফেজ বানানোর প্রতি তার মায়ের বিশেষ আগ্রহ ছিল। তিনি আশা করেন, ইতমাম ভবিষ্যতে একজন ভালো মানুষ ও বড় আলেম হবে।ইতমামের শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ইতমাম শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও তার মেধা অত্যন্ত প্রখর। পাশাপাশি তার মধ্যে ছিল প্রবল চেষ্টা ও অধ্যবসায়। এসব কারণেই এত কম বয়সে সে পবিত্র কোরআনের হাফেজ হতে পেরেছে। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন বলেন, তাদের মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ মিনহাজ ইতমাম মাত্র ১২ বছর বয়সে হিফজ সম্পন্ন করেছে। এটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ইতমাম যথেষ্ট নম্র, ভদ্র ও পরিশ্রমী। তার জন্য দোয়া করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তার পুরো জীবন পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।

/বিএসএস