• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম


মিরসরাইয়ে চার দিনে পানিতে ডু’বে প্রা’ণ গেল ৪ শিশুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৬:৩৩ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। একের পর এক এ ধরনের ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আহসানুল কবিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল সাজিদ। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে আরেক শিশুর মৃত্যু হয়।

তারও আগে বুধবার দুপুরে একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় মাহিয়া আনোয়ারা আনিসা (১০) নামে এক শিশু।

এ ছাড়া গত ১৯ মে মঙ্গলবার উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।

সম্প্রতি একাধিক শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী। তিনি বলেন, “অভিভাবকদের অসচেতনতা এবং শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে।”

তিনি শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও সতর্ক নজরদারি এবং ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

/এসএন