লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বুধবার (১৩ মে) সকালে জেলা শহরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হৃদয় ইসলাম (২৬) বাবুপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে। অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস (১৯) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় ইসলাম। এ সময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। আকস্মিক হামলায় গুরুতর আহত হন হৃদয়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা জান্নাতুল ফেরদৌসকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. করিম বাদশা জানান, আহত যুবকের গলায় গভীর ক্ষত রয়েছে।
তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/বিএসএস