• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম


লেকে গোসলে নেমে নিখোঁজ, ভেসে উঠল দুই কিশোরের মরদেহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ১১:০২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫) গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

নিহত মনিরুলের বাবা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে তারা পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অপরদিকে নিহত শুভ’র বাবা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করত।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিরস্ত্র মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে।

গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এইচটি