• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম


সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ৫:৩৫ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫৪ বছর আগে সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ভেবে যাকে পরিবার বহু আগেই হারিয়ে ফেলেছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) বৃদ্ধ বয়সে ফিরে এসেছেন নিজের ভিটেমাটিতে। দীর্ঘ অর্ধশতাব্দী পর স্বজনদের ফিরে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে পরিবারে।

এ ঘটনায় শুক্রবার (৮ মে) হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৃদ্ধের ছেলে মো. আকরাম (৫৩)।

এর আগে গত মঙ্গলবার (৫ মে) হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের ফজলি বাড়িতে ফিরে আসেন ছৈয়দ আহাম্মদ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫৪ বছর আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। ধীরে ধীরে স্বজনরাও স্বাভাবিক জীবনে ফিরে যান।

পরিবারের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান ছৈয়দ আহাম্মদ। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাটান তিনি।

সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে পাঠানো হয়।

গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফিরে এসে নিজের পরিচয় দিলে প্রথমে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করেন।

খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ছৈয়দ আহাম্মদের বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকে ঘটনাটিকে অবিশ্বাস্য ও আবেগঘন বলে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, হারিয়ে যাওয়া একজন মানুষ ৫৪ বছর পর জীবিত ফিরে আসবেন— এমন ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায়।

তবে দীর্ঘদিন পর ফিরে আসার এ ঘটনায় পরিবারে নতুন জটিলতাও তৈরি হয়েছে। বৃদ্ধের ছেলে আকরাম থানায় দায়ের করা জিডিতে অভিযোগ করেছেন, কয়েকজন ব্যক্তি তার বাবাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি পারিবারিক সম্পদ ও টাকাপয়সা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃদ্ধের ছেলে আকরাম জানিয়েছেন— তার বাবা দেশে ফিরে প্রথমে চাচাতো ভাইদের বাড়িতে ওঠেন। পরে সামাজিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিজের কাছে রাখার কথা বলা হলেও চাচাতো ভাইয়েরা তা মানছেন না। বিষয়টি লিখিতভাবে পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

/এইচটি