কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মো. মোনায়েম খান নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল এবং সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানানো হয়। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে একটি পোস্ট দেন। এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা দেয়।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া, সাংগঠনিক কাজে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/এসএন