এক গৃহবধূর সন্তান জন্মের পর নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাঁদের একজন হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যজন মুসলিম। এ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ সন্তান জন্ম দেন। সন্তান প্রসবের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে রোববার সকালে হঠাৎ করেই শান্তা ও নবজাতকের শয্যার পাশে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও সদ্য জন্ম নেওয়া শিশুটির বাবা বলে দাবি করেন।
এমদাদের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা জানিয়ে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে চলে আসেন বলে দাবি করেন এমদাদ।
নিজের দাবির পক্ষে উপস্থিত ব্যক্তিদের কাছে বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণও দেখান তিনি।
এদিকে প্রথম স্বামী এমদাদ হাসপাতালে উপস্থিত হওয়ার পরপরই সেখান থেকে চলে যান দ্বিতীয় স্বামী হিসেবে পরিচয় দেওয়া শুভাস। এ কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে শান্তা এমদাদের দাবি অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, এমদাদের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। এমনকি সদ্য জন্ম নেওয়া সন্তানের বাবাও এমদাদ নন। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পর শান্তার নিজ বাড়িতে যাতায়াত ছিল। এরই মধ্যে ২০২৪ সালে নিজের আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাঁদের বিয়েও হয়।
স্থানীয় সূত্রের বরাতে আরও জানা গেছে, দ্বিতীয় স্বামী শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। কিন্তু শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামী এমদাদের সঙ্গে সংসার করতেন। অন্যদিকে, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামী শুভাসের সঙ্গেও সংসার করতেন।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেওয়ার পর শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই স্বামীর অস্তিত্ব প্রকাশ্যে আসার একপর্যায়ে ওই দুই ব্যক্তিই হাসপাতাল ছেড়ে চলে যান।
/এসএন