• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম


পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৪:৪৫ পিএম

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। ভোর ও রাতের হিমেল বাতাসে মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র একেবারেই ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদের কারণে বাড়ছে গরমের অনুভূতি। একই দিনে সকাল ও রাতে ঠান্ডা, আর দুপুরে গরম—আবহাওয়ার এমন বৈপরীত্যে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন জেলার বাসিন্দারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্ব উত্তরের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমতে শুরু করেছে শিশিরবিন্দু। কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে হালকা কুয়াশাও। সন্ধ্যার পর ঠান্ডা বাড়তে থাকায় অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে ঘরের বাক্স-পেটরা থেকে বের করা হচ্ছে পুরোনো লেপ ও কম্বল।

এদিকে আবহাওয়ার এমন পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনেও। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। রোগীদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা মৌসুমি এসব অসুস্থতায় বেশি আক্রান্ত হচ্ছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাঁর পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হয়েছে। প্রথমে বাড়িতেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে অবস্থার কারণে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।

হাবিব হাসান নামের আরেক ব্যক্তি জানান, দিনের বেলায় রোদে গরম অনুভূত হলেও সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এমন পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন তিনি।

ঋতু পরিবর্তনের এই সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরি। ঠান্ডা থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরতে হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

শুধু পঞ্চগড় নয়, সারা দেশেই তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

/এসএন