• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম


কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুনের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ অক্টোবর ২০২৬ ১:০২ পিএম

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে।

এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন কেন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

/এসএন