• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ এএম


দৌলতদিয়া বাসডুবি: নিহতদের পরিবারে ১ কোটি ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

আপডেট টাইম: ২৬ মার্চ ২০২৬ ৭:৫১ পিএম

পালসবিডি ডিজিটাল ডেস্ক:

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে
বুধবার (২৫ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ প্রেরণ করেছেন।
নোটিশে বলা হয়েছে, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিগ্যাল নোটিশে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের উপর অর্পিত করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে; অন্যথায় আইনগত পদক্ষেপ গ্রহণের সতর্কতা দেওয়া হয়েছে।
এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলে পাঠানো হয়েছে, পরে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।