• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম


মা চলে গেছেন, বাবা কা’রাগারে; রাস্তায় কান্নারত তিন শিশু উদ্ধার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৩ পিএম

বাবা কারাগারে, আর মা তিন অবুঝ সন্তানকে রেখে চলে গেছেন। এমন পরিস্থিতিতে ঢাকার কেরাণীগঞ্জের মুক্তিরবাগ এলাকায় তিন শিশুকে ঘিরে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি। রাস্তায় কান্নারত অবস্থায় শিশুদের দেখতে পান গ্রামপুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কেরাণীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে কেরাণীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন শিশুর মধ্যে বড়টির নাম আলিবা (৮), দ্বিতীয়টির নাম ইভা (৫) এবং সবচেয়ে ছোটটির নাম মুনিয়া (৩ মাস)। শিশুদের বাবা বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, কিছুদিন আগে শিশুদের মা মুক্তিরবাগ এলাকার একটি বাড়িতে নতুন করে ভাড়া ওঠেন। ওই বাড়ির মালিকের নাম তোরাব আলী। তবে তিন দিন আগে মা শিশুদের রেখে চলে যাওয়ার পর তারা একা হয়ে পড়ে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মায়ের বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কালিন্দী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাদ্দাম হোসেন জানান, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি মুক্তিরবাগ এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি রাস্তায় একটি শিশুকে কোলে নিয়ে থাকা অবস্থায় এবং অপর দুই শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তিন শিশুকে নিরাপদে নিয়ে যান। এরপর তাদের কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিন শিশুকে উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের একনজর দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। বিশেষ করে মাত্র তিন মাস বয়সি শিশুটিকে নিয়ে অনেকেই সহানুভূতি প্রকাশ করেন। কেউ কেউ শিশুটিকে নিজেদের কাছে রাখার আগ্রহও দেখান।

জানা গেছে, তিন শিশু কয়েক দিন ধরে ঠিকমতো খাবার পাচ্ছিল না। বিশেষ করে সবচেয়ে ছোট শিশুটির বয়স মাত্র তিন মাস হওয়ায় তাদের নিরাপত্তা, খাবার, চিকিৎসা ও আশ্রয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মায়ের অনুপস্থিতি এবং বাবার কারাগারে থাকার কারণে শিশুদের তাৎক্ষণিক অভিভাবকত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস জানিয়েছেন, বড় দুই শিশুর জন্য সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিন মাস বয়সি শিশুটির জন্যও সাময়িক নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

/এসএন