• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম


ভোলায় ভেজা’ল দুধ বিক্রির অভি’যোগ, বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পরিদর্শক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ১:৪৮ পিএম

ভোলার লালমোহন বাজারে ভেজাল ও অতিরিক্ত পানি মেশানো দুধ বিক্রির অভিযোগে এক বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে দুধে ভেজাল কিংবা অতিরিক্ত পানি মেশানো হচ্ছে কি না, তা পরীক্ষা করতে বাজারে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। এ সময় তার সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং পৌরসভার কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী।

কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারী জানান, অভিযানের সময় বাজারের কয়েকজন দুধ বিক্রেতার দুধ ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করা হয়। এ সময় ফুলবাগিচা এলাকার মনজু নামে এক বিক্রেতার কাছে থাকা প্রায় ২০ কেজি দুধে অতিরিক্ত পানি মেশানোর বিষয়টি ধরা পড়ে।

তিনি জানান, ল্যাকটোমিটারে দুধের মাত্রা ২০ থাকার কথা থাকলেও মনজুর দুধে সেই মাত্রা পাওয়া যায় ৩০।

জামাল পাটোয়ারী আরও জানান, বিষয়টি ধরা পড়ার পর পৌরসভা প্রশাসক মনজুকে তার দুধসহ আটক রাখার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, পৌর প্রশাসক ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মনজু আবার ওই দুধ বিক্রির জন্য বসে পড়েন।

এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ওই দুধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কসাইখানা পরিদর্শক জামাল পাটোয়ারীকে দুধটি মনজুর মাথায় ঢেলে দেওয়ার জন্য বলেন।

একপর্যায়ে জামাল পাটোয়ারী কিছু দুধ মনজুর মাথায় ঢেলে দেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ভেজাল ও নিম্নমানের দুধ বিক্রির বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয়।

এ সময় স্থানীয়রা বাজারে ভেজাল ও নিম্নমানের দুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এসএন