• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম


ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃ’ষ্ট স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃ’ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ আগস্ট ২০২৬ ৯:১৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০) মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজেদের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ ভৌমিক। ঘাস কাটার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তিনি ছটফট করতে থাকেন।

স্বামীকে ওই অবস্থায় দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্ত্রী মিনা রানী ভৌমিক। স্বামীকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর অমরেন্দ্র নাথ ও মিনা রানীকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুতায়িত হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বামী-স্ত্রীর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এসএন