সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকেআলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ১২ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মাবুদ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তাকে বদলি করা হলো।সম্প্রতি রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজন হত্যার ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়। ওই হত্যাকাণ্ডের পর গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে আসেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় নির্মম ওই হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ কমিশনার এবং একপর্যায়ে তাকে কাঁদতেও দেখা যায়।এর দুই দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ডিআইজি মাহবুবুর রশিদ পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এখন থেকে তিনি রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
/বিএসএস