• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএম


সম্পত্তি লিখে না দেওয়ায় ৭৫ বছরের বাবা-মাকে পেটালেন ছেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ আগস্ট ২০২৬ ৫:১৮ এএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় ৭৫ বছর বয়সী বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বাবা আনারুল্লাহ বর্তমানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডগির বাপের বাড়ি এলাকায়। স্থানীয়দের ভাষ্য, ওই এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী আনারুল্লাহ ও তার স্ত্রীকে তাদের ছেলে ফারুক দীর্ঘদিন ধরে সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।সম্প্রতি বাবা-মা সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানালে ফারুক তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ। এতে আনারুল্লাহর মাথা ফেটে যায় এবং একটি হাত ভেঙে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এলাকাবাসীর অভিযোগ, বাবা-মাকে মারধরের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ফারুক তিন থেকে চারবার তাদের মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন আনারুল্লাহ কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্যের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার আকুল আবেদন জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/বিএসএস