• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম


কুরিয়ার পার্সেলে ‘ব্লুটুথ স্পিকার’, ভেতরে মিলল ৩৩ লাখ টাকার ইয়াবা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:২৮ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ‘ব্লুটুথ স্পিকারের’ ভেতর থেকে ১১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ইয়াবার এই চালান নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছিল।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় ‘স্টেডফাস্ট’ কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, কুরিয়ার সার্ভিসের একটি পার্সেলে ইয়াবার চালান রয়েছে—এমন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযানের সময় কার্যালয়ের স্টোরে রাখা একটি ব্লুটুথ স্পিকার খুলে দেখা যায়, এর ভেতরের যন্ত্রাংশ সরিয়ে কালো স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট রাখা হয়েছে। পরে ওই প্যাকেটগুলো থেকে ১১ হাজার ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পার্সেলটি এর আগে নারায়ণগঞ্জ থেকে টেকনাফে এসেছিল। পরে ‘পণ্যটি সঠিক নয়’ উল্লেখ করে সেটি আবার নারায়ণগঞ্জে ফেরত পাঠানোর জন্য আজ বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক কুরিয়ার সার্ভিসে জমা দেন। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। তবে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, ওই যুবকের নাম মো. জামাল। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মিয়ানমার থেকে চোরাই পথে আনা ইয়াবা বিভিন্ন কৌশলে টেকনাফ হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে মাদক, চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকার অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ইয়াবা পাচারের ঘটনায় জড়িত মো. জামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।