ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আহত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোররাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আবু দাউদকে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এএসএফ