টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন বাংলাদেশের জেনজিরা। ‘We are not insulted, We are awakened’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজটিতে মঙ্গলবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন অনুসারী (ফলোয়ার) যুক্ত হন।
শিক্ষামন্ত্রীকে ঘিরে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও, যেখানে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটিকে কেন্দ্র করেই এই পেজটি তৈরি হয়েছে।বর্তমানে ‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট পোস্ট নিয়মিত শেয়ার করা হচ্ছে।প্রসঙ্গত, এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি অনলাইন উদ্যোগ আলোচনায় আসে।
/বিএসএস