বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খাজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনে এ ঘটনা ঘটে। আগুনে উপকেন্দ্রটির বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, খাজুরতলা গ্রিড সাবস্টেশন থেকেই বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার রাতে হঠাৎ উপকেন্দ্রের ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপর ৬ নম্বর ফিডারে আগুন লাগে।
যদিও প্রায় এক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবুও স্টেশনের অন্যান্য ফিডার, বিদ্যুতের তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “রাতে আমরা অফিসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়েছে। এছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামত ও প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। উপকেন্দ্রের সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। যেসব যন্ত্রাংশ নষ্ট হয়েছে, সেগুলো পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং আজ সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
ডিজিএম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
/এসএন