রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদ করে তৌহিদ উদ্দিন আফ্রিদীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে গ্রেপ্তার দেখানোর আবেদন সমর্থন করে শুনানি করেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তৌহিদ আফ্রিদিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরবর্তীতে বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়।
অভিযোগে বলা হয়, শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করা হয়। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।
/এসএন