• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম


খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ৭:১৩ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।

গ্রেপ্তার হওয়া সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার (১৪ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারির মামলা এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি। অন্যদিকে পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি হেফাজতে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরবর্তীতে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করলেও সোহাগের পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গরুটি তাকে ফেরত দেন।

পরে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেই ‘কালো মানিক’ গরুটি বিক্রি করেছিলেন সোহাগ মৃধা।

/এসএন