• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম


পাকিস্তানে পুলিশের ভুল গুলিতে প্রাণ গেল ৯ বছরের অস্ট্রেলীয় শিশুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ৮:৩৪ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়ালে পুলিশের গুলিতে ৯ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। তবে শিশুটির মা অক্ষত রয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বুধবার রাতে একটি পরিবার ভাড়া করা গাড়িতে করে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এ সময় তারা ছিনতাইয়ের ঘটনার মুখোমুখি হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে এক পুলিশ কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দুই মোটরসাইকেল আরোহী ডাকাত দ্রুত পালিয়ে যায়। তাদের মধ্যে একজনের কাছে একটি পিস্তল ছিল। একই সময়ে ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে সরে যায় পরিবারের ভাড়া করা গাড়িটিও।

স্থানীয় গণমাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে চলে যাওয়া গাড়িটিকে ভুলবশত ডাকাতদের ব্যবহৃত গাড়ি মনে করে পুলিশ সদস্যরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়ির ভেতরে থাকা পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন।

পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে ৯ বছর বয়সী শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তার বাবা ও বড় ভাই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে মা কোনো আঘাত পাননি।

এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত শিশুর পরিবার এবং আহত সদস্যদের কনস্যুলার সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে।