ইরানের অন্তত চারটি প্রধান ব্যাংক সীমিত পরিসরের সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলার কারণে সাময়িকভাবে কিছু ব্যাংকিং সেবা ব্যাহত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা হারিয়ে যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ।
রোববার (১৪ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানায়, ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করেই এ সাইবার হামলা চালানো হয়। হামলার শিকার হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদোরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান।
সাইবার হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই সংশ্লিষ্ট কারিগরি দলগুলো প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এর ফলে কিছু ব্যাংকিং সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার মাধ্যমে হ্যাকাররা গ্রাহকদের কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার অর্জন করতে পারেনি। এমনকি কোনো তথ্য মুছে ফেলতেও সক্ষম হয়নি তারা।
ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পুনরুদ্ধার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানিয়েছে ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদ।