ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল (২৫) কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা। তিনি মো. মাকসুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ব্রাজিল দলের সমর্থনে শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোরহানউদ্দিন থেকে কুঞ্জেরহাট উপশহরের উদ্দেশ্যে রওনা হয়ে উদয়পুর রাস্তার মাথা এলাকায় পৌঁছায়।
এদিকে কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেলযোগে ওই শোভাযাত্রায় যোগ দিতে আসছিলেন মো. ইসমাইল। টগবী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথার কাছে শোভাযাত্রার সঙ্গে যুক্ত হওয়ার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে তিনি সড়কের পাশে থাকা ব্লকের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর শোভাযাত্রায় থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মো. ইসমাইলের মৃত্যু হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
/এসএন