রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর চিকিৎসাসেবা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ডায়ালাইসিস করাতে না পেরে কামাল মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিয়মিতভাবে আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস করিয়ে আসছিলেন।
স্বজনদের দাবি, শনিবার তার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় ছিল। তবে হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সেবা দিতে অপারগতার কথা জানানো হয়। এ সময় সরকার নির্ধারিত বিকল্প ছয়টি হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
কিন্তু অন্য হাসপাতালে নেওয়ার আগেই কামাল মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান বলে দাবি পরিবারের।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমার স্বামী নিয়মিত ডায়ালাইসিস পাচ্ছিলেন। আজ সেবা চালু থাকলে তাকে এভাবে মরতে হতো না। ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তৈরি হওয়া সংকটে আমার স্বামীও চলে গেলেন। আমার দুটি সন্তান আজ বাবাহারা হলো।”
তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প কয়েকটি হাসপাতালের তালিকা দিলেও সেখানে নিয়ে যাওয়ার মতো সময় তারা পাননি। তার আগেই রোগীর মৃত্যু হয়।
উল্লেখ্য, সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। এরপর থেকেই হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় বিভিন্ন রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে কামাল মিয়ার মৃত্যুর সঙ্গে ডায়ালাইসিস না পাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
/এএসএফ