• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম


ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত, ৪ দিন পর মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১০:৪০ পিএম

রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ার শিকার হয়ে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর মারা গেছেন সোহেলি ইসলাম (৪২)। তিনি এসকেএফ ওষুধ কোম্পানির একজন মেডিক্যাল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে দিনাজপুর থেকে একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন সোহেলি ইসলাম। গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশাযোগে ধানমন্ডিতে নিজ বাসার উদ্দেশে রওনা দেন তারা।

সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাগটি রক্ষার চেষ্টা করলে ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরপরই আশপাশের মানুষের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে পরিবার। পরে রিকশাচালক ও কয়েকজন পথচারীর সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্বজনরা জানান, আহত অবস্থায় তাকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, নানা প্রতিকূলতার মধ্যেও সোহেলি ইসলাম তার একমাত্র মেয়েকে মানুষ করার জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পারিবারিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।

/এএসএফ