পাবনা পৌর এলাকায় সন্তানের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হোসেন আলী নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী তার সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
ঘটনার সময় নিহতের ছেলে রোহান তার বাবার সঙ্গে ছিল। বাবাকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে সে। তার আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
/এএসএফ