• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম


প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার ব্রাজিল শিবিরে বড় ধা’ক্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৭:৪৪ পিএম

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে সেলেসাওরা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু সেই ম্যাচের আগেই দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ফরাসি একটি জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। গত ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগের একটি ম্যাচে অংশ নিতে গিয়ে ডান পায়ের পেশিতে চোট পান ৩৪ বছর বয়সী এই তারকা।

শুরুতে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা আশা করেছিলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে সময়ের সঙ্গে তার পুনরুদ্ধার প্রক্রিয়া প্রত্যাশার তুলনায় আরও জটিল হয়ে উঠেছে বলে জানা গেছে।

দলের অন্য ফুটবলাররা যখন নিবিড় অনুশীলনে ব্যস্ত, তখন নেইমারকে দেখা গেছে মূল দলের বাইরে থেকে একাই ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করতে। পুনর্বাসন প্রক্রিয়ার জটিলতার কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

দীর্ঘ আলোচনা-সমালোচনার পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দলের সবচেয়ে বড় ভরসাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ইতালিয়ান এই কোচকে।

নিজের চতুর্থ এবং সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে থাকা নেইমারের এই অনুপস্থিতি শুধু ব্রাজিল শিবিরেই নয়, ফুটবলপ্রেমীদের মাঝেও হতাশা তৈরি করেছে।

তবে আশার খবরও রয়েছে। দলের চিকিৎসা বিভাগের একটি সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচে খেলতে না পারলেও আগামী ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অথবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরতে পারেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।