রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। একই সঙ্গে সেখানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হাসপাতালটিতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত ও পর্যালোচনা করা হয়।তদন্তের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে হাসপাতালটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগী স্থানান্তরের পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করা হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি বা ঝুঁকির মুখে না পড়েন রোগীরা।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। হাসপাতালটির নিবন্ধন বাতিল হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা যাবে না।
/বিএসএস