• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম


এক রাতে ৮ সীমান্ত পয়েন্টে শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ৮:৫৫ পিএম

জামালপুর ও কুড়িগ্রাম সীমান্তের আটটি পৃথক পয়েন্ট দিয়ে এক রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থান ও বাড়তি নজরদারির কারণে সেই চেষ্টা সফল হয়নি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাতে তাদের দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে।

বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টার পর দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকা, মুল্লারচর সীমান্তের ১০৬২ নম্বর পিলার সংলগ্ন কুচুনিমারা, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাতে সীমান্তের ওইসব এলাকায় ভারতের পক্ষ থেকে আলো বন্ধ করে দেওয়া হলে বিজিবির সন্দেহ হয়। পরে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয় এবং টহল কার্যক্রম জোরদার করা হয়। বিজিবির কঠোর অবস্থান ও বাড়তি নজরদারির কারণে বিএসএফের পুশইনের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও পালাক্রমে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন বলে জানানো হয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, “সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

/এসএন