ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, রোববার বিকেলের মধ্যে আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকালের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থ এবং মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইন অনুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলাও হয়েছে। তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নতুন অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, জনগণের জন্য সহজলভ্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের ঘাটতি কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
তিনি বলেন, তিন পর্যায়ে এই সেবা বাস্তবায়নের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এর আওতায় গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য তিন ধরনের আলাদা নকশার অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বল্প ব্যয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ভৌগোলিক অবস্থা ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় রেখে স্থানীয়ভাবে অ্যাম্বুলেন্সগুলোর নকশা তৈরি করা হবে। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎচালিত এসব অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্টসহ আধুনিক জরুরি সেবার সব সুবিধা থাকবে। এ প্রকল্পে কারিগরি ও নকশাগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রবীন্দ্র সরণি থেকে শুরু করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি আয়োজন করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
সূত্র: যুগান্তর