স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক নতুন চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর ফলে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন তিনি। নতুন এই চুক্তির মাধ্যমে কয়েক মাস ধরে চলা তার ভবিষ্যৎ নিয়ে সব জল্পনার অবসান হয়েছে।৬২ বছর বয়সী ক্লার্কের আগের চুক্তির মেয়াদ আগামী জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল।
২০১৯ সালে স্কটল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনে স্কটল্যান্ড ৭৬ ম্যাচে ৩৫টি জয় ও ১৪টি ড্র করেছে।চুক্তি নবায়নের পর ক্লার্ক বলেন, ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া তার জন্য বড় সম্মানের বিষয়।
দীর্ঘমেয়াদি চুক্তি পাওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেখছেন।ক্লার্ক বলেন, “২৮ বছর পর আমাদের পুরুষ দলকে প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া সত্যিই বিশেষ কিছু। প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারা আমার জন্য গর্বের। বিশ্বকাপের আগে এই চুক্তি আমাদের স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস দেবে।”সাবেক ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন, রিডিং ও কিলমারনকের কোচ ক্লার্ক দায়িত্ব নেওয়ার পর দ্রুতই স্কটল্যান্ডকে বদলে দেন।
তার নেতৃত্বে দলটি ইউরো ২০২১-এ জায়গা করে নেয়, যা ছিল ১৯৯৮ বিশ্বকাপের পর স্কটল্যান্ডের প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ।যদিও ইউরো ২০২১ ও ইউরো ২০২৪—দুই আসরেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি স্কটল্যান্ড, তবুও বাছাইপর্বে ধারাবাহিক উন্নতি দেখিয়েছে দলটি।
স্পেনের বিপক্ষে স্মরণীয় জয় এবং শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে ইউরো ২০২৪-এ জায়গা করে নেয় তারা।সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে নাটকীয় জয় স্কটল্যান্ডকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট এনে দেয়।
এবার টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথমবার জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে ক্লার্কের দল।আগামী ১৪ জুন গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। এরপর তারা মুখোমুখি হবে মরক্কো ও ব্রাজিলের।
/বিএসএস