• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম


৭ বার সতর্ক করার পরও হাম প্রতিরোধে টিকা নিতে গড়িমসি করেছে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৭:২৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার হাম প্রতিরোধী ভ্যাকসিন নেয়নি। তাদের উদ্দেশ্য ছিল প্রাইভেটভাবে ভ্যাকসিন কিনে অর্থনৈতিক সুবিধা নেওয়া। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকার কোনোভাবেই চায় না হাম রোগের কারণে কোনো মা তার সন্তানকে হারান। দেশের হাম টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জনের হার এখন ১২২ শতাংশে পৌঁছেছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশে দুই কোটিরও বেশি শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রথম ধাপে যেসব ১৮টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছিল, সেখানে হাম সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের অংশ হিসেবে কুমিল্লার দুটি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট সম্পর্কে খোঁজ নেন, রোগীদের অভিযোগ শোনেন এবং হাসপাতালের খাবারের মানও যাচাই করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মু. রেজা হাসান, ইউসুফ মোল্লা টিপু এবং ডা. আলী নূর মোহাম্মদ বশিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএন