• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম


প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওষুধনীতির কারণেই বিশ্ববাজারে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ১১:২৪ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ওষুধনীতি প্রণয়ন করে বিশ্বে বাংলাদেশের ওষুধ রপ্তানির পথ উন্মুক্ত করেছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গীতে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ওষুধনীতি প্রণয়ন করে গেছেন। এ কারণেই বাংলাদেশ আজ বিশ্ববাজারে ওষুধ রপ্তানি করার সুযোগ পেয়েছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি-বৈচিত্র্য বৃদ্ধিতে ওষুধশিল্প একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আবির্ভূত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে অংশীদারিত্বে নেভিয়ানের এই উদ্যোগকে তিনি দেশের ওষুধশিল্পের জন্য একটি “রোল মডেল” হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, “বিদেশে ওষুধ রপ্তানির এই উদ্যোগ বাংলাদেশের ওষুধশিল্পের ক্রমবর্ধমান সক্ষমতার বহিঃপ্রকাশ। বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ ধরনের আন্তর্জাতিক অংশীদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানি করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদী বলেন, নতুন নামে যাত্রা শুরুর সময় নোভার্টিসের গুণগত মান ধরে রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কানাডার মতো দেশে ওষুধ রপ্তানির মধ্য দিয়ে তা বাস্তবে রূপ পেয়েছে।

তিনি জানান, চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য ওষুধ রপ্তানিতে নেভিয়ানই দেশের প্রথম প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি।

এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্যান্ডোজ কানাডার সাপ্লাই প্ল্যানিং বিশেষজ্ঞ স্যাম্পসন ল্যাম।

/এএসএফ