• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম


হাম রোগী ফিরিয়ে দেওয়া যাবে না, সরকারি হাসপাতালগুলোকে কড়া নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ মে ২০২৬ ১০:৪৩ পিএম

দেশে হাম ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে আরও বলা হয়, কোনো হাসপাতাল হাম আক্রান্ত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীদের চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি না করার নির্দেশও দেওয়া হয়েছে।

হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগী পরিদর্শন করতে হবে বলেও জানানো হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে দর্শনার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে ভর্তি থাকা প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান কিংবা প্রবেশ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে হাম রোগীদের চিকিৎসা আরও কার্যকর হবে এবং হাসপাতালগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমে আসবে।

/এসএন