• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম


দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১১:২৮ পিএম

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রায় যেসব সমস্যা ও ব্যত্যয় দেখা গিয়েছিল, সেগুলো চিহ্নিত করে এবার আরও বেশি মনোযোগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই সভাটি আয়োজন করা হয়েছে।

এ সময় এক সাংবাদিক দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে প্রশ্ন করলে শেখ রবিউল আলম বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুটা— তিনটি প্রস্তাব আছে। তার এক নম্বর প্রস্তাব আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি বলব আমি এ মুহূর্তে।’

তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্পটির অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে নির্মিত পদ্মা সেতুর মূল অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এছাড়া দুই প্রান্তের ভায়াডাক্টের দৈর্ঘ্য ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুটির মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার।

পদ্মা সেতু প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩০ হাজার কোটি টাকার বেশি। ২০২২ সালে দেশের অন্যতম বৃহৎ এই অবকাঠামো প্রকল্পটির উদ্বোধন করা হয়।