• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম


ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ৬:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী বুধবার (১৩ মে) বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। এর আগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সাদিক কায়েম।

সোমবার (১১ মে) দুপুরে জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সাদিক কায়েমসহ ডাকসুর নেতারা। ওই সাক্ষাৎকালে ড. ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ জানান ডাকসু ভিপি।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস সাদিক কায়েমকে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ উপলক্ষে অভিনন্দন ও শুভকামনা জানান।

সাক্ষাৎ নিয়ে সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনাও তার সামনে তুলে ধরা হয়।

তিনি জানান, তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি ডাকসু নেতাদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়নের পথে আগামীতেও ড. মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চাওয়া হয়েছে। একই সঙ্গে ৫ আগস্ট–পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য দেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

জানা গেছে, ডাকসু ভিপি সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

ডাকসুর নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে আগামী বুধবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আকদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে।